রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই: ডিএমপি কমিশনা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ৩:২৮ pm

জনশক্তি রিপোর্ট : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে রায়কে ঘিরে কেউ সহিংসতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, আগামীকাল বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে। এই রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। রায়কে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনো সুযোগ নেই। এটা মহামান্য আদালতের একটা স্বাভাবিক কার্যক্রমের অংশ।
আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রায়কে ঘিরে আমাদের কঠোর নজরদারি রয়েছে। রায়কে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষি মহল সহিংসতার চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে, কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না। নগরবাসীর জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা রাজনীতি করি না, জনগণের জানমাল রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। তাই কেউ যদি দেশের স্বাভাবিক নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
২০১৩-১৪ সালের জ্বালাও-পোড়াও, নৈরাজ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ঢাকার পুলিশ কমিশনার বলেন, সে সময় যে সহিংসতা চালানো হয়েছিল সেই দিন শেষ। ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তির চেষ্টা করলে সেই স্বার্থান্বেষি মহলকে কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরো বলেন, ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশিদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের পুলিশ সদস্যরা দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হতে দেননি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জঙ্গিবিরোধী অনেকগুলো সফল অভিযান পরিচালনা করে আমরা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছি।

তিনি বলেন, বর্তমানে রাজধানীতে চুরি-ডাকাতি, ছিনতাইসহ সংঘবদ্ধ অপরাধ নেই বললেই চলে। এর কারণ রাত-দিন আমাদের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেছেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তার নির্দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ডিএমপির শিক্ষাবৃত্তির সনদ ও নগদ অর্থ ডিএমপি সদস্যদের হাতে তুলে দিয়ে এ বৃত্তি অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD