
দেশজুড়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এই অবস্থায় অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারাদেশে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১২টার দিকে মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান নিতে পল্টন চায়না টাউনের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হয় বিএনপি নেতাকর্মীরা। কিন্তু মিছিলটি আরামবাগ নটরডেম কলেজের মোড়ে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের কারণে আর এগোতে পারেনি। পরে, ঢাকা জেলা বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উপপরিচালক মমতাজ পারভিনের কাছে স্মারকলিপি দেন।
এ সময় উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্লান্ট, তার মধ্যে শুধুমাত্র ৪৯টি কোনও রকম চালু থাকলেও ১০৪টি প্রায় বন্ধ।
রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- বিদেশি চাপের কাছে আমি মাথা নত করবো না। কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। আজকে সরকারের পতন আসন্ন। সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে তখন তো আপনাকে মাথা উঁচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদও আপনাকে করতে দেখি না।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু প্রমুখ।