বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়টি আইএমএফের বোর্ড সভায় উঠবে ৫ ফেব্রুয়ারি

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ৫:৫১ pm

আইএমএফ প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও জানিয়েছেন, চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় করতে আগামী ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদ বোর্ড সভায় উপস্থাপন করবে। বোর্ডের অনুমোদন পেলে ১০ ফেব্রুয়ারি তা ছাড় করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে আইএমএফ প্রতিনিধি দলটি তাদের মিশন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

প্রসঙ্গত, চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও নতুন ঋণের বিষয়ে দরকষাকষি করতে গত ৩ ডিসেম্বর থেকে আইএমএফ গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করছে।
সংবাদ সম্মেলনে ক্রিস পাপাজর্জিও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের পূর্বের শর্ত পূরণের পর ফেব্রুয়ারিতে চতুর্থ ধাপে ৬৪ কোটি ৫০ লাখ ডলার ঋণ দেবে। এ লক্ষ্যে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি প্রস্তাবটি সংস্থাটির নির্বাহী পর্ষদ বোর্ড সভায় রাখা হবে। পর্যালোচনা শেষে অনুমোদনের পর ১০ ফেব্রুয়ারির মধ্যে অর্থ বিতরণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়, দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফের ধারণার চেয়েও অনেক বেশি।

বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়ে আইএমএফ ইতিবাচক উল্লেখ করে ক্রিস পাপাজর্জিও বলেন, তবে বাংলাদেশকে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD