
জনশক্তি রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে গাজীখালি নদী দূষণ রোধ ও গাজীখালি নদীর বারবাড়ীয়া-ধানকোড়া সংযোগ সেতু নির্মানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি ও ধামরাই বাজারে সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ধামরাই থানা সংসদ।
সোমবার দুপুরে ধামরাই বাজারে ধামরাই থানা ছাত্র ইউনিয়নের সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে ও গাঙ্গুটিয়া শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শরীফুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাকা জেলার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল শাওন।
এসময় বক্তারা গাজীখালিসহ ধামরাইয়ের সব নদীই কমবেশি দূষণের শিকার উল্লেখ করে বলেন, ধামরাইয়ে ছোটবড় সব নদী খালই দূষণের কবলে পড়েছে। বংশাই নদী দূষণ ও বালু উত্তোলনের কারণে নাব্যতা হারাচ্ছে।
তারা বলেন, এসব নদী দূষণ রোধ না করা গেলে ধামরাইয়ের পরিবেশও আস্তে আস্তে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। অতিসত্বর এজন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বক্তারা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের গাঙ্গুটিয়া ও ধানকোড়া ইউনিয়নের সংযোগস্থল বারবার-ধানকোড়ার ভোলানাথ স্কুলের পেছনের অংশে একটি সেতু এ অঞ্চলের হাজার হাজার মানুষের জীবন জীবিকার গতি বাড়াবে। বিশেষত শিক্ষার উদ্যেশ্যে ভোলানাথ স্কুল, মহিষালোহা উচ্চ বিদ্যালয়, ধানকোড়া স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্যে এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ।
অবিলম্বে এই স্থানে একটি সংযোগ সেতু স্থাপনের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
পরে সমাবেশ শেষে একটি মিছিল ধামরাই বড় মসজিদ হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার জুলফিকার আহমেদ জানান, আমরা ছাত্রদের দাবি শুনেছি। অবিলম্বে এ বিষয়ে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।