শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বিএনপিতে একক আওয়ামী লীগে একাধিক

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ৩:২৯ pm

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপ্রত্যাশীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। তারা এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগিয়ে নিজের আগ্রহের কথা জানান দিচ্ছেন। কেউ কেউ মতবিনিময় সভা এবং সংবাদ সম্মেলন করেছেন।

এ আসনে আওয়ামী লীগে একাধিক মনোনয়নপ্রত্যাশী। তারা হলেন— বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মো. শফিকুল আলম, আবদুল মান্নান জয়, নাঈম হাসান, মেজর (অব.) মোহাম্মদ আলী প্রমুখ।

বিএনপির একমাত্র মনোনয়নপ্রত্যাশী দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রসমাজের সহসভাপতি আবু জায়েদ আল মাহমুদ ওরফে মাখন সরকার। দাউদকান্দি ও মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে দাউদকান্দি উপজেলা।

অন্যদিকে ৮টি ইউনিয়ন নিয়ে মেঘনা উপজেলা। সরেজমিন গিয়ে জানা যায়, এই আসনে বিএনপির ড. মোশাররফ হোসেন প্রভাবশালী প্রার্থী। মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল আলম এ আসনে শক্তিশালী প্রার্থী হতে পারেন।

বর্তমান এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া বলেন, ৩৫ বছর পর আমি এই আসনটি উদ্ধার করেছি। এখানে দুবার এমপি নির্বাচিত হয়েছি। আমি এলাকার উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয় আমাকে মূল্যায়ন করবেন। আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম বলেন, ১৯৭৩ সালের পর থেকে মেঘনা উপজেলায় কেউ এমপি হওয়ার সুযোগ পাননি। দলমত নির্বিশেষে নবগঠিত মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণ তাদের সন্তানকে সংসদে প্রতিনিধি হিসেবে দেখতে চায়। তিনি বলেন, এলাকাবাসীর প্রত্যাশা পূরণে এই আসনে এবার আমি আগামী সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন পেলে আমি জয়ী হয়ে আসনটি দলকে উপহার দিতে পারব।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD