শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন সিঙ্গাইরের কৃতি সন্তান রেজাউল করিম

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ১১:৫৬ am

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: রেজাউল করিম। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের মরহুম সালাউদ্দিন (চান মিয়া) এবং রিজিয়া বেগমের জৈষ্ঠ সন্তান। শনিবার (২৪ অক্টোবর) তিনি গণমাধ্যমকে জানান, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে কলেজ পর্যায়ে তাঁকে ঢাকা বিভাগের এ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচন করা হয়।

প্রফেসর ড. মো: রেজাউল করিম ১৯৮৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও ১৯৮৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. রেজাউল করিম ১৩ তম বিসিএস ও ১৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন।  টাঙ্গাইল সরকারি সা’দত কলেজে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি সহকারী অধ্যাপক পদে সরকারি জগন্নাথ কলেজে ও রাজবাড়ী সরকারি কলেজে, সহযোগী অধ্যাপক পদে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ ও ঢাকা কলেজে অধ্যাপনা করেন। পরে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে তিনি দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হন।

বর্তমান ড. রেজাউল করিম অধ্যাপক ও সরকারি রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রফেসর ড. মো: রেজাউল করিমের লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ২টি। এ পর্যন্ত তার লেখা ১৪ টি গবেষণাধর্মী প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়েছে ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD