
দ্বিতীয় বারের মতো মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার এক নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সমেজ উদ্দিন। গত বুধবার (২৪ মার্চ) পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্যানেল মেয়র নির্বাচিত হন তিনি।
এছাড়া ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা দুই নং প্যানেল মেয়র ও ১-২ ও ৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর পারুল আক্তার তিন নং প্যানেল মেয়র নির্বাচিত হন।
প্যানেল মেয়র গঠনের লক্ষে গত বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে নির্বাচন হয়। সাধারণ প্যানেল মেয়র পদে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সমেজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সামসুল ইসলাম প্রতিদ্বন্দিতা করেন।
এদের মধ্যে সমেজ উদ্দিন ৫ ভোট পেয়ে এক নং প্যানেল মেয়র ও সোহেল রানা ৪ ভোট পেয়ে দুই নং প্যানেল মেয়র নির্বাচিত হন। বাকি দুজন যথাক্রমে সামসুল ইসলাম ২ ভোট ও কামাল হোসেন পান ১ ভোট।
এছাড়া ১-২ ও ৩ ওয়ার্ডের নারী কাউন্সিলর পারুল আক্তার বিনা প্রতিদ্বন্দিতায় তিন নং প্যানেল মেয়র নির্বাচিত হন।
১ নং প্যানেল মেয়র সমেজ উদ্দিন বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি সিঙ্গাইর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।
এদিকে নবনির্বাচিত তিনজন প্যানেল মেয়রকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র আবু নাঈম মো: বাশারসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।