
পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রয়ারি মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার নির্বাচন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। এই নির্বাচনে মেয়র পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ৫ জন। যাছাই বাছাইয়ে আওয়ামী লীগের আবু নাঈম মো বাশার, বিএনপির বর্তমান মেয়র অ্যাডভোকেট মো খোরশেদ আলম ভুইয়া জয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর জাতীয় পার্টি ও দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩৪ জন, সংরক্ষিত আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী আসনে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।
তিনি আরো জানান, মনোনয়নপত্র বাছাইয়ে আওয়ামী লীগের আবু নাঈম মো বাশার ও বিএনপির অ্যাডভোকেট মো খোরশেদ আলম ভুইয়া জয় ছাড়া অপর তিনজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নপত্র না থাকায় জাতীয় পার্টির আবু বকর সিদ্দিক ও বিধি সম্মত না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো আব্বাস আলী ও মো জাহাবুলের মনোনয়ন বাতিল হয়।
এছাড়া ঋণ খেলাপির দায়ে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজুল শেখ ও ৮নং ওয়ার্ডের শহীদুল ইসলাম ডালিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রয়ারি আর প্রতীক বরাদ্ধ ১২ ফেব্রয়ারি। ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে।
পৌর সভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার হলো ১১ হাজার ৫৬৫ জন ও পুরুষ ভোটার হচ্ছে ১১ হাজার ১২০ জন।