শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

কেন্দ্র ও বোর্ড ফি ফেরত পাবেন এবারের এইচএসসি পাস শিক্ষার্থীরা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১ ১১:৫৯ pm

পরীক্ষা ছাড়াই ফল মূল্যায়ন হওয়ায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নেওয়া টাকার মধ্যে ব্যয় না হওয়া কেন্দ্র ও বোর্ড ফি ফেরত পাবেন শিক্ষার্থীরা। এ বিষয়ে রবিবার (৩১ জানুয়ারি) বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা বোর্ড। কত টাকা ফেরত দেওয়া হবে, তা–ও উল্লেখ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। করোনা মহামারির কারণে এবার জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। ফল প্রকাশের দিনেই শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন ফরম পূরণের নেওয়া অব্যয়িত টাকা পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

এক দিন পর আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, ফরম পূরণ করা পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখ থাকা প্রতিপত্রের (এক বিষয়ে দুই পত্রও হয়) জন্য বোর্ড নির্ধারিত ফি থেকে পত্র প্রতি (তত্ত্বীয়) ৩০ টাকা করে এবং ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি আরও ১০ টাকা করে ফেরত দেওয়া হবে। এই টাকা পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে এই টাকা গ্রহণ করবেন।

আর কেন্দ্র ফি থেকে পরীক্ষা প্রতি ২০০ টাকা করে এবং তথ্য ও যোগাযোগ (আইসিটি) বিষয়ের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত আরও ২৫ টাকা করে ফেরত দেওয়া হবে। এ ছাড়াও প্রবেশপত্রে উল্লেখ থাকা (আইসিটি বাদে) সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি আরও অতিরিক্ত ৪৫ টাকা ফেরত দেওয়া হবে। প্রতিষ্ঠান থেকে টাকা নিতে হবে।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের ১০ শতাংশ এবং আইসিটি ব্যবহারিক বিষয়ের জন্য আদায় করা ফি থেকে পরীক্ষার্থীপ্রতি ২০ টাকা ফরম পূরণ ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যয় নির্বাহ করবে। আর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থীপ্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা হারে দেবে। কেন্দ্র এই টাকা পরীক্ষার গোপনীয় কাগজ পরিবহন ও বোর্ডে জমা, সংরক্ষণ এবং প্রশাসনিক কাজে ব্যয় করবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD