মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ইমাম মাহাদী দাবিদার মুস্তাকের বিরুদ্ধে মামলা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২০ ১১:১৬ pm

নিজেকে ইমাম মাহাদী দাবি করা সৌদি প্রবাসী মুস্তাক মুহাম্মদ আরমান খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ (সিটিটিসি)। তাকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।

মুস্তাক মুহাম্মদ আরমান খানের ওয়েবসাইটে তার জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়েছে। সেখানে বলা আছে তার বাড়ি নেত্রকোনায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনি পড়াশোনা করেছেন। উচ্চ শিক্ষার জন্য তিনি মালয়েশিয়ায় যান। সেখান থেকে ফিরে দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি চার সন্তানের জনক।

সিটিটিসি সূত্রে জানা যায়, নিজেকে ইমাম মাহাদী দাবি করা মুস্তাক মুহাম্মদ আরমান খান দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের অপব্যাখ্যামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও ভিডিও আকারে ইউটিউব চ্যানেল ‘‘তাকওয়া অনলাইন টিভি” এবং ‘‘মুস্তাক মুহাম্মদ আরমান খান” নামের ফেসবুক আইডি থেকে প্রচার করে আসছেন। এতে দেখা যায় তিনি নিজেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বংশধর হিসেবে দাবি করেন এবং স্বপ্নযোগে ইমাম মাহাদী হিসেবে ঘোষিত হওয়ার বার্তা প্রাপ্ত হয়েছেন বলে দাবি করছেন। তার এমন বক্তব্যে বিভ্রান্ত হয়ে বাংলাদেশ থেকে তার কাছে কথিত ‘‘বায়াত” গ্রহণ করে ইমাম মাহাদীর সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশ নিতে যাওয়ার আগে ১৯ জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।

সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ইমাম মাহাদীর পরিচয় ধারণ করে এ ধরনের অসত্য, বিভ্রান্তিকর বক্তব্য ও তথ্য দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD