শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

গণপূর্তের ২ প্রকৌশলী ও তাদের স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ১২:০৭ am

জনশক্তি রিপোর্ট: গণপূর্ত অধিদফতরের বিভিন্ন ঠিকাদারী কাজে কমিশন নিয়ে জিকে শামীমের পক্ষ হয়ে কাজ করেছেন ওই বিভাগের এমন পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। তাদের মধ্যে সদ্য সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও তার স্ত্রী রাশেদা ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই ও তার স্ত্রী বনানী সুলতানার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক।

সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে তাদের আবাসিক ঠিকানায় পাঠানো চিঠিতে আগামী ২১ কার্য দিবসের মধ্যে সমুদয় সহায় সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, দুদকের প্রাথমিক অনুসন্ধানে রফিকুল ইসলামের ১ কোটি টাকার কিছু বেশি সম্পদ ও আবদুল হাইয়ের দেড় কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। তবে তাদের এইটুকু সম্পদই আছে দুদক তা মনে করছে না। সে কারণে তাদের কাছ থেকে হিসাব তলব করা হয়েছে। তাদের কাছ থেকে বিবরণী পাওয়ার পর অন্যান্য মাধ্যম থেকে দুদকের টিম বাকি তথ্য সংগ্রহ করবে। তারা দেশের বাইরে অর্থ পাচার করেছেন- এমন তথ্যও রয়েছে দুদকের কাছে।

তবে সরকারি যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হচ্ছে। তাদের ক্ষেত্রে নোটিশ জারির প্রসঙ্গে দুদকের একজন পরিচালক বলেন, সরকারি চাকরি করায় তাদের চাকরি, স্যালারি, বিভিন্ন ফান্ড ও ভাতাদির টাকা বৈধ উপায়ে অর্জিত হয়। সেই বৈধ অর্থ বাদ দিয়ে অবৈধ উপায়ে যে অর্থ তারা অর্জন করেছেন সেটি নিশ্চিত হওয়ার জন্য হিসাব চেয়ে থাকি। এটি সবার ক্ষেত্রে আবার নাও হতে পারে। অনুসন্ধান চলাকালীন যদি কারো বিরদ্ধে অবৈধ সম্পদের তথ্য আমাদের হাতে চলে আসে আমরা সরাসরিও মামলা করতে পারি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD