মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

মৃণাল ছিলেন বিদ্রোহী স্রষ্টা: শ্যাম বেনেগাল

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯ ৮:৪২ pm

জনশক্তি সংবাদ: দীর্ঘ জীবনে বহু কাজের সুবাদে বিশ্ব চলচ্চিত্রে বাংলা ছবির মাথা উঁচু করেছিলেন চলচ্চিত্র স্রষ্টা মৃণাল সেন। ৩০ ডিসেম্বর প্রথাবিরোধী এই প্রবাদপ্রতিম নির্মাতার মৃত্যুর পরে শোকবার্তা জানিয়ে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল বলেছেন, সত্যজিত রায় যদি হন ভারতীয় ছবির মানবিক মুখ, তবে মৃণাল সেন হলেন বিদ্রোহী স্রষ্টা। ভারতীয় সিনেমায় এমন বিপ্লবী আর কোনও নির্মাতাই আসেননি।

বাংলার চলচ্চিত্রে আরেক দিকপাল নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত বলেছেন, সত্যজিত রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন একটা যুগ তৈরি করেছিলেন। মৃণাল সেনের ছবির এখনও সঠিক মূল্যায়ন হয়নি। তাঁর সবচেয়ে বড় গুণ ছিল, বয়স হওয়ার পরও অনেকটা চনমনে ছিলেন। এমনিতেও খুব মজার মানুষ ছিলেন। অনর্গল কথা বলতে ভালবাসতেন। আর একদম টেনশন ফ্রি তাকতেন। তাঁর দীর্ঘ জীবন লাভের চাবিকাঠি সম্ভবত সেটাই।

মৃণাল সেনের চরিত্রের দ্বান্দ্বিকতার কথা বললেন শাবানা আজমি। খণ্ডহর, জেনেসিস, একদিন অচানকের মত ছবিতে কাজ করেছেন তিনি। শাবানা বলেন, সারা দুনিয়া তাঁকে জানে একজন আইকনোক্ল্যাস্ট হিসেবে, একজন দুর্ধর্ষ আত্মবিশ্বাসী মানুষ হিসেবে। কিন্তু খণ্ডহরের সময়ে আমি দেখেছি তাঁর কী পরিমাণ আবেগ রয়েছে, যে মুখটা উনি লুকিয়ে রাখতেন। আমার যে চরিত্রটা ছিল, যামিনী, সেটাতেও তাঁর ছায়া রয়েছে। এই দ্বান্দ্বিকতার মধ্যেই চলচ্চিত্র পরিচালক হিসাবে মৃণাল সেনের ক্ষমতা লুকিয়ে রয়েছে।

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, মৃণাল সেনের চলে যাওয়া অতীব দুঃখের দিন।

অভিনেত্রী অপর্ণা সেন বলেছেন, আমাদের উচিত এই গুণী নির্মাতার কাজগুলোকে সেলিব্রেট করা।

/এসই

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD