শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

হাসপাতাল থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ৬:১০ pm

জনশক্তি রিপোর্ট: রোগীদের নিরাপত্তার স্বার্থে বিএনপির নেতাকর্মীদের বিএসএমএমইউ হাসপাতাল থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন।

শনিবার বিকালে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হলে বিএনপির নেতাকর্মীরা মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ তাদের বিএসএমএমইউর পূর্ব দিকের গেট দিয়ে বের করে।

এ বিষয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। কত দিন আমরা নেত্রীকে দেখি না। তাই আমরা তাকে দেখতে এসেছি। কিন্তু পুলিশ আমাদের বের করে দিয়েছে।

এর আগে বিকাল ৩টা ১০ মিনিটে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়ার জন্য বের করা হয়। বেলা পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য বিএসএমএমইউতে দুটি কেবিন দুপুর থেকে প্রস্তুত রাখা হয়েছিল।

খালেদা জিয়া ৬১২ নম্বর কেবিনে থাকলেও তার জন্য পাশের ৬১১ নম্বর কেবিনটিও বরাদ্দ রাখা হয়েছে। ওই কক্ষে তার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকতে পারবেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খালেদা জিয়াকে হাসপাতালে আনার আগে দুপুরে তার ব্যবহার্য জিনিসপত্র হাসপাতালে আনা হয়।

বিকাল ৩টার পর খালেদাকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসে পুলিশের একটি গাড়ি। এর সামনে পেছনে ছিল পুলিশ, র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি। একটি অ্যাম্বুলেন্সও ছিল গাড়িবহরে।

খালেদা জিয়াকে কারাগার থেকে বের করার সময় রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

প্রসঙ্গত, এর আগে চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হয়েছিল।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD