বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সুন্নতে খাৎনা ও গায়ে হলুদে গান বাজালে জানাজা ও বিয়ে না পড়ানোর ঘোষণা!

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১ ৭:২৪ am

নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় বিয়ে, সুন্নতে খাৎনা, গায়ে হলুদের মতো অনুষ্ঠানে গান-বাজনার আয়োজন করা যাবে না বলে মাইকিং করা হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী কোনো পরিবার এ নির্দেশনা অমান্য করলে তাদের বিয়ে পড়াতে বা দোয়ায় কোনো আলেম অংশগ্রহণ করবেন না। এমনকি ওই পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়াতেও মসজিদের ইমাম বা অন্য কেউ অংশগ্রহণ করবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে। গত শুক্রবার (১ জানুয়ারি) জুমার নামাজের সময় স্থানীয় পঞ্চায়েত ও মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নেন।

বন্দর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাব্বির আহম্মেদ ইমন বলেন, আমার এলাকার  বাগে জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি মিজানুর রহমান জুমার নামাজের খুতবার আগে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে গানবাজনার প্রসঙ্গটি তোলেন। পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাইকিংও করা হয় এলাকায়। এ নির্দেশ কেউ অমান্য করলে তার জানাজা ও বিয়েতে কোনো ইমাম বা আলেম যাবেন না। এই সিদ্ধান্তের বিষয়টি সঠিক বলে দাবি করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই ইউপি সদস্য।

তিনি আরো বলেন, আসলে উচ্চস্বরে গানবাজনায় মানুষের ক্ষতি হয়। বারবার বললেও তা কেউ মানে না। এ জন্য এবার এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঘরের ভেতর টিভিতে কিংবা মোবাইলে গান শুনলে তাতে সমস্যা নেই। লাউড স্পিকারে গান বাজানো যাবে না। আমি একা না, এতে স্থানীয় পঞ্চায়েত ও মসজিদ কমিটিরও সমর্থন আছে।

করোনাকালে গান-বাজনার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন চৌধুরি বলেন, মহামারি করোনাকালের শুরু থেকেই সরকারের পক্ষ থেকে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে লাইড স্পিকারে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। কারণ, গান-বাজনার আয়োজন করলে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হয় না। করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে, সেই উদ্দেশ্যে সর্বসাধারণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আমরা থানা পুলিশের পক্ষ থেকে সরকারি আদেশ বাস্তবায়ন করতে লকডাউনের সময় থেকেই সকল এলাকার পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি ও জনপ্রতিনিধিদের অবগত করেছি। সরকারি আদেশ এখন পর্যন্ত বলবৎ থাকলেও অনেক এলাকাতেই তা মানা হচ্ছে না। তাই কোন কোন এলাকায় পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি ও জনপ্রতিনিধিদের কঠোর হতে হচ্ছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD