
মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ ভ্যানচাপায় সুবর্ণা (৯) ও ইশা (২) নামে দুই শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা ও ইশা উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রিকশাচালক ই¯্রাফিল হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক পিকআপ ভ্যান চালক ও তার সহকারি পলাতক রয়েছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটার দিকে শিশু সুবর্ণা ও তার ছোট বোন ইশাকে নিয়ে বাড়ি সংলগ্ন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাড়িয়েছিল। এসময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই শিশুকে চাপা দিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বড় বোন সুবর্ণা নিহত ও ছোট বোন ইশা আহত হন। সন্ধার দিকে শিশু ইশা ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই অবুঝ দুই শিশুর মৃত্যুর শোকে মা বাবা ও স্বজনরা পাগলপ্রায়। এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে একই স্থানীয় বাস্তা-গাজিন্দা মাদ্রাসার প্রতিবন্ধী শিক্ষক হাফেজ ছানোয়ার হোসেন অল্পের জন্য প্রাণে বেচে গেছেন। তিনি সড়কের পাশ দিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন।
থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক ও তার সহকারি পলাতক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।