
পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক কৃষকের এক বিঘা জমির আম ও মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ নভেম্বর) রাতে উপজেলার জামির্তা ইউনিয়নের রামকান্তাপুর গ্রামের কৃষক লিটন মিয়ার ফল বাগানে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষক লিটন মিয়া।
কৃষক লিটন মিয়া বলেন, দুই বছর আগে উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে নিজের এক বিঘা জমিতে মাল্টা ও উন্নতমানের আমের চারা রোপন করেছিলাম। এরমধ্যে ৯০ টি মাল্টা ও ১০ টি উন্নতমানের আম গাছ রয়েছে। এ বছর গাছগুলো ফলন দিত। সোমবার সকালে বাগানে গিয়ে দেখি সবগুলো মাল্টা ও আম গাছ কাটা অবস্থায় পড়ে আছে। শত্রুতাবশত রাতের আঁধারে আমার সখের ফল বাগান ধ্বংস করে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।