মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

মেয়ার্সকে হাফ সেঞ্চুরি বঞ্চিত করলেন মিরাজ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১ ১১:১৯ am

স্পিনাররা জ্বলে উঠেছেন তৃতীয় দিন সকালে। ওয়েস্ট ইন্ডিজ নতুন দিন প্রথম সেশনে তিন উইকেট হারিয়েছে, যার সবগুলো শিকার করেছেন স্পিনাররা। তাইজুল ইসলাম, নাঈম হাসানের পর মেহেদী হাসান মিরাজও উইকেটের খাতা খুলেছেন।

অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের পর হাফ সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন কাইল মেয়ার্স। কিন্তু তাকে ১০ রানের আক্ষেপে পোড়ালেন মিরাজ। এই ডানহাতি স্পিনারের কাছে এলবিডাব্লিউ হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ৬৫ বলে ৭ চারে ৬৪ রান করেন। জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে তার জুটি ছিল ২৪ রানের।

স্কোর: বাংলাদেশ-৪৩০, ওয়েস্ট ইন্ডিজ- ৫১ ওভারে ১৬০/৫ (ব্ল্যাকউড ১৭*, ডা সিলভা ০*)

বড় উইকেট নিলেন নাঈম

অপ্রতিরোধ্য ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফিরিয়ে দিলেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে বোল্ড করেন তিনি। ৮৬ বলে ফিফটি করার পর উইন্ডিজ ওপেনার থেমেছেন ৭৬ রানে। ১১১ বলে ১২টি চারে এই রান করেন ব্র্যাথওয়েট। কাইল মেয়ার্সের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন তিনি।

প্রথম বলেই উইকেট শিকার

ঘূর্ণি জাদুতে বাংলাদেশের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে উদযাপন দিয়ে। শুক্রবার চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট শিকার করেছে দিনের প্রথম বলেই। হাঁটুর অস্বস্তির কারণে ফিল্ডিংয়ে নামেননি বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। তবে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম শুরু করেছেন উইকেট নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান এনক্রুমাহ বোনারকে ফেরান ২৮ বছর বয়সী স্পিনার। ৫৯ বল খেলে ১৭ রানে ফার্স্ট স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন ডানহাতি ব্যাটসম্যান, ভাঙে ৫১ রানের তৃতীয় উইকেটের জুটি। দুই ওভার পর অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৮৬ বল খেলে ফিফটির দেখা পান।

উইন্ডিজকে দমিয়ে রাখতে মাঠে বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের শতক এবং আরও দুটি ফিফটিতে রান-পাহাড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর করে এখন তারা ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে চায়। বোলিং-ফিল্ডিংয়ে শুরুটা ভালোই হয়েছিল স্বাগতিকদের। স্পিন স্বর্গের আভাস দেওয়া পিচে মোস্তাফিজুর রহমানের গতি ক্যারিবিয়ানদের চমকে দিয়েছিল, কিন্তু তারা প্রতিরোধ গড়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে।

চার স্পিনারদের প্রত্যেকে বল করেছেন। কিন্তু সুবিধা করতে পারেননি। সাকিব আল হাসান ৬ ওভারে ১৬ রান দিয়েও পাননি উইকেটের দেখা। মিরাজ বল হাতে ছিলেন নিষ্প্রভ, ৭ ওভারে ২ মেডেনসহ ২৪ রান খরচ করেছেন। ৫ ওভারে ৯ রান দিয়েছেন তাইজুল ইসলাম ও ৩ ওভার করে ৭ রান খরচ করেন নাঈম হাসান।

তবে নতুন সকালে স্পিনাররা জ্বলে উঠবে এটাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা। স্বাগতিকদের ৪৩০ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা ওয়েস্ট ইন্ডিজ শেষ করেছে ২ উইকেটে ৭৫ রানে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD