
মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সদস্য প্রয়াত সাংবাদিক মোস্তাক আহম্মেদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুরুয খান।
শহীদ রফিক সড়কে সংবাদপত্র সম্পাদক পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
এসময় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন মিলনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক মোস্তাক আহমেদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভাপতির বক্তব্যে সুরুয খান বলেন, মোস্তাক হোসেন একজন নির্ভীক ও সাহসী সাংবাদিক ছিলেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করতেন না। তিনি সব সময় সত্য ন্যায়ের প্রতি অবিচল ছিলেন।