
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ফ্যাশন ও শর্মা হাউস লাগোয়া ভবনে বিস্ফোরণের ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল ভিন্নবার্তা ডটকম এর কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে ভিন্নবার্তা অফিসের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় সংবাদ পরিবেশন চলমান রয়েছে। ঘটনাস্থলের পাশের একটি ভবনে থাকা দৈনিক জবাবদিহি পত্রিকার কার্যালয়েও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিস্ফোরণের ঘটনায় ভিন্নবার্তা অফিসের দুটি শার্টার, দরজা, জানালা, ভেতরের গ্লাস ও আসবাবপত্র ভেঙে গেছে। এছাড়াও কয়েকটি কম্পিউটার নষ্টসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অফিসে কর্মরত লোকজনের আহত হলেও তা গুরুতর নয়। ঘটনার সময় ভিন্নবার্তা অফিসে কর্মরত সহকর্মী সাদেক মোস্তফা নাঈম জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দে অফিসের শার্টার, দরজা, জানালা, ভেতরের কম্পিউটারসহ আসবাবপত্র ভেঙে যায়। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর অফিস থেকে নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ২৭ জুন রবিবার সন্ধ্যায় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে ‘রাখি নীড়’ নামে একটি তিনতলা ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ওই ভবনের বাসিন্দা, সামনের রাস্তায় থাকা বাসযাত্রী, পথচারীসহ শতাধিক। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস ও ডিএমপি কমিশনারের ধারণা, গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে। আবার কেউ কেউ বলছেন, কোনো ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। কেউ বলছেন, কোনো ভবনের জেনারেটর কিংবা এসি থেকে বিস্ফোরণ ঘটেছে। ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।