
আমিনুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটার পুকুরে ডুবে নাসিম খান (৭) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার (৮ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জাইল্যা এলাকার এমএবি ইটভাটায় এঘটনা ঘটে। নিহত নাসিম খান একই উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাহরাইন প্রবাসী কালাম খানের ছেলে ও স্থানীয় হযরত হামজা (রাঃ) ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র ছিলেন।
পারিবারিক ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত নাসিম খান রবিবার (৭ জুন) মায়ের সাথে জাইল্যা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার (৮জুন) শিশু সন্তানকে বাড়িতে একা রেখে তার মা ও নানী ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যান। এসময় শিশু নাসিম খান সমবয়সীদের সাথে বাড়ি সংলগ্ন ইটভাটায় খেলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে ইটভাটর পুকুরে পড়ে যায়। খেলার সাথীরা বিষয়টি স্বজনদের জানালেও ততক্ষনে সে পুকুরের পানিতে ডুবে মারা যায়। উদ্ধার করে স্থানীয় বাস্তা দি ঢাকা ক্লিনিক এন্ড ডায়াগোনস্টিক হাসপাতালেনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।