বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত সম্পন্ন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৪৯ pm

জনশক্তি রিপোর্ট: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। মোনাজাতে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার শান্তি কামনা করা হয়।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হয় মোনাজাত। চলে দীর্ঘ ১৬ মিনিট। আখেরি মোনাজাত পরিচালনা করছেন মাওলানা শামীম।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে মাওলানা সাদ কান্ধলভী পন্থীরা অংশ নিয়েছেন। তারা সব বালা-মুসিবত থেকে হেফাজত ও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মোনাজাত করেন।

এর আগে বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা হাফেজ ইকবাল নায়ার। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা ওসামা বিন ওয়াসিফ।

গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মাওলানা জোবায়ের অনুসারীদের ইজতেমা। মাওলানা জোবায়ের অনুসারীদের আগামী ২০২০ সালের ইজতেমা ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। গত ১৬ ফেব্রুয়ারি জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতের পর এই ঘোষণা দেয়া হয়।

আগামী বছর মাওলানা সা’দ অনুসারীদের ইজতেমার তারিখ পরে ঘোষণা করবেন তাদের আমির মাওলানা সা’দ।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। মাঠে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে টঙ্গীতে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রথম বছর যারা (যে ৩২ জেলার মুসল্লি) টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতেন তারা পরবর্তী বছর সেখানে যেতেন না। ২০১৫ সাল থেকে প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমার পাশাপাশি জেলায় জেলায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

জউস/জনশক্তি

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD