
জনশক্তি রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেই ইনজুরি ছিল ‘দ্য ফিজ’- মুস্তাফিজের। বল করতে ব্যথা পাচ্ছিলেন তিনি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি ইনজুরির কারণে মুস্তাফিজকে প্রথম ম্যাচে ঠিকঠাক ব্যবহার করতে পারেননি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিট হয়েই খেলেন মুস্তাফিজ। তৃতীয় ও শেষ ম্যাচে আবার তাকে বিশ্রাম দেওয়া হয়। তবে ইনজুরি শঙ্কার জন্য টেস্ট সিরিজের আগে হাতে স্ক্যান করানো হয় ফিজের। স্ক্যান রিপোর্ট অনুযায়ী, কনুইতে কোন সমস্যা নেই মুস্তাফিজের।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত টেস্ট দল বর্তমানে সিলেটে অবস্থান করছে। খালেদ-জায়েদরা নেমে পড়েছেন অনুশীলনে। বিশ্রাম করে দলের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ-মুশফিকরা। তবে মুস্তাফিজ এখনো আছেন ঢাকায়। তিনি বুধবার সিলেটে যাবেন। তার প্রথম টেস্ট ম্যাচে খেলতেও কোন অসুবিধা নেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ক্রিকবাজকে বলেন, ‘তার স্ক্যান রিপোর্টে ভয় পাবার মতো কিছু নেই। আশা করছি তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন। আমরা তাকে ঢাকায় রেখে বিশ্রাম দিয়েছি। কারণ বিশ্রাম নিলেই তার ব্যথা কমবে।’ বাংলাদেশ দল টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না। এছাড়া দেশ সেরা ওপেনার তামিম ইকবাল দলে নেই ইনজুরির কারণে। তাই মুস্তাফিজকে দলে না পেলে তা দলের জন্য বড় ঘাটতি হয়ে দেখা দিতে পারে।
বাংলাদেশ দল আগামী ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে। ওই টেস্টের দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ এবং নাজমুল ইসলাম অপু। এছাড়া আরিফুল হক ও মোহাম্মদ মিঠুনকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে চার নতুন মুখ টেস্ট ক্রিকেটে। দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
জনশক্তি/এস