শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

গবেষণা জালিয়াতি ঠেকাতে সফটওয়্যারের দ্বারস্থ রাবি

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ১০:০৫ pm
রাবি

জনশক্তি রিপোর্ট: গবেষণা জালিয়াতি ঠেকাতে এবার প্লাগারিজম সফটওয়ারের সহায়তা নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেশিন কেনার নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আব্দুস সোবহান।

উপাচার্য জানান, শীঘ্রই প্লাগারিজম (নকল বা হুবহু লেখা সনাক্তকারী) সফটওয়্যার কেনা হবে। নির্দেশ অনেক আগেই দেয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে কেনা সম্ভব হয়নি। অচিরেই রাবিতে যুক্ত হবে এই সফটওয়্যার। আশা করছি, এ বছরের মধ্যেই চলে আসবে।

বিশ্ববিদ্যালয়ে যে হারে পিএইচডি করছেন সংশ্লিষ্টরা, সবগুলো সঠিকভাবে যাচাই করা অনেক সময় সম্ভব হয় না। তবে এই সফটওয়্যারের মাধ্যমে সেটা সঠিকভাবে যাচাই করা যাবে। এ ক্ষেত্রে কেউ অসদুপায় অবলম্বন করলে বা কতটা একাডেমিক কাজে ফাঁকি দিলেন সেটিও সফটওয়্যারের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানান রাবি ভিসি এম আব্দুস সোবহান।

গবেষণা উন্নয়নে নতুন পদক্ষেপের ব্যাপারে ড. সোবহান বলেন, আগামীতে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে ডিসেম্বরে রাবির পক্ষ থেকে ভিজিট করতে যাওয়া হবে।

এ ছাড়াও আবহাওয়া নিয়ে গবেষণার জন্য হিমালয় পাদদেশের দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত একটি কমিটিরও সদস্য হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নেপালের হিমালয়ান ইউনিভার্সিটি অব কনসোর্টিয়াম বিশ্ববিদ্যালয়ে ৩০ অক্টোবর পরিদর্শনে যাবেন বলে জানান উপাচার্য।

এর আগে সম্প্রতি চীনের হুয়াজং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরাঞ্চলের কৃষি নিয়ে ৫ বছরমেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ ছাড়াও দুই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় রাবিতে বায়োটেকনোলজি ইন্সটিটিউট স্থাপন করা হবে। এতে এই অঞ্চলের কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD