শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সোলেইমানি হত্যার প্রতিশোধ নেয়া শুরু

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০ ৫:১২ pm

ইরানের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান। এঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়।

বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটার দিকে এঘটনা ঘটে। ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ এবং কুর্দিস্তানের আরবিলে সেনা ঘাঁটিতে ডজনখানেকেরও বেশি রকেট হামলা চালায় ইরানের রেভোলুশনারি গার্ডস কর্পস।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতেই এসব হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে সেনা ঘাঁটির কি ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র। খবর বিবিসি’র।

চলমান উত্তেজনার প্রেক্ষিতে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

ইরানের রেভ্যুলশনারি গার্ড জানিয়েছে, সোলেইমানির হত্যাকাণ্ডের বদলা হিসাবে এই হামলা চালানো হয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয় ”আমেরিকার সব সহযোগীদের আমরা সতর্ক করে দিচ্ছি, যারা তাদের ঘাটিগুলোকে এই সন্ত্রাসী সেনাবাহিনীকে ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে, সেটাই লক্ষ্যবস্তু করা হবে।”

এদিকে, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণ করলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে লেবাননের হিজবুল্লাহ।

হোয়াইট হাউজ পরিস্থিতির ওপর নজর রেখেছে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ওই এলাকায় যুক্তরাষ্ট্রের ও সহযোগীদের সকল কর্মীকে রক্ষায় দরকারি সব ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD