শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামালের আজ জন্মদিন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২০ ৬:২৭ pm

জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক মোস্তফা কামালের আজ শুভ জন্মদিন। জন্মদিনে সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন দেশ বরেণ্য এই কলম সৈনিক। এই দিনে তিনি বরিশালের আন্ধার মানিক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মোস্তফা কামাল কথাসসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫টি। তার সাড়া জাগানো উপন্যাস, ‘অগ্নিকন্যা’, ‘অগ্নিপুরুষ’, ‘অগ্নিমানুষ’, ‘জননী’, ‘জনক জননীর গল্প’, ‘পারমিতাকে শুধু বাঁচাতে চেয়েছি’, ‘জিনাত সুন্দরী ও মন্ত্রীকাহিনী’, ‘হ্যালো কর্নেল’ প্রভৃতি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। গতবছর ভারতের নোশন প্রেস থেকে বেরিয়েছে তার তিনটি উপন্যাসের ইংরেজি সংকলন ‘থ্রি নভেলস্’। এ বছরের জানুয়ারিতে লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে প্রকাশিত হয় ‘দ্য মাদার।

মোস্তফা কামাল ১৯৮৪ সাল থেকে লেখালেখি শুরু করেন। ১৯৮৫ সালে বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতায় হাতেখড়ি। পরে তিনি দৈনিক প্রবাসী, সাপ্তাহিক বিচিত্রা, আনন্দ বিচিত্রা, সাপ্তাহিক ঢাকা, পূর্বাভাস ও রোববার পত্রিকায় লেখালেখি করেন। পেশাগত সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ১৯৯১ সালে। ১৯৯৪ সালে সংবাদের যোগ দেন এবং কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৮ সালে প্রথম আলোর জন্মলগ্নে তিনি কূটনৈতিক প্রতিবেদক হিসেবে যোগদেন। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি প্রথম আলোতে কূটনৈতিক বিটে দায়িত্ব পালনের পাশাপাশি চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বছরই প্রথম আলো ছেড়ে মোস্তফা কামাল দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। এরপর থেকে পত্রিকাটিতেটিম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১০ সালের জানুয়ারি মাসে উপ-সম্পাদক হিসেবে পদোন্নতি পান। পরে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হন তিনি। এই পদে ৮ বছর দায়িত্ব পালন করার পর ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হন মোস্তফা কামাল।

প্রায় তিন দশক ধরে লেখালেখিকে নিজের ধ্যানজ্ঞান হিসেবে বেছে নিয়েছেন বেশ কয়েকটি আলোচিত উপন্যাসের এই স্রষ্টা। সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখায় তার বিচরণ। উপন্যাস, গল্প, রম্যরচনা, সায়েন্স ফিকশন লিখেছেন দুহাতে। ননফিকশন লেখালেখির জগতে গবেষণা ও রাজনৈতিক প্রবন্ধ-নিবন্ধেও রেখেছেন স্বাতন্ত্র্য স্বাক্ষর। এছাড়া শিশু-কিশোরদের উপযোগী গল্প-উপন্যাসও লিখেছেন সাবলীল উপস্থাপনায়। তার লেখা টিভি নাটকও দর্শক প্রিয় হয়েছে।

ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতিআশ্রিত উপন্যাস নির্মাণে মোস্তফা কামাল বাংলাদেশে অনন্য জায়গা করে নিয়েছেন।বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লিখে গেছেন একের পর এক উপন্যাস, অগ্নিকন্যা (২০১৭), অগ্নিপুরুষ (২০১৮) ও অগ্নিমানুষ (২০১৯)। বাঙালির জীবনে কালঅধ্যায় ১৯৭৫ সালের পটভূমিও তুলে আনছেন নতুন উপন্যাসে। ধারাবাহিক এই উপন্যাসটির নাম ‘১৯৭৫’। এটি দৈনিক কালের কণ্ঠের সাপ্তাহিক সাহিত্য আয়োজন শিলালিপিতে প্রকাশিত হচ্ছে।

মোস্তফা কামালের জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। তারপর থেকে ঢাকায় নানা চড়াই-উৎরাইয়ের মধ্যদিয়ে এগিয়ে চলা। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে।

তিনি আফগানিস্তানে যুদ্ধপরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভ্যুত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্রীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করেন এবং অসংখ্য প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি।

এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চীন, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত ও ভুটান সফর করেন। তিনি দেশে-বিদেশে সহস্রাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালায় অংশ নেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। অবসর কাটে বই পড়ে ও গান শুনে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD