বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

এবার গুগলের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ৪:০৩ pm

এবার গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে। ব্লগে পোস্ট করে একথা স্বীকারও করেছে গুগল।

প্রায় ৫০০০ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে গুগল প্লাসের মাধ্যমে। সমস্যা মোকাবিলায় গুগল প্লাসের সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে বলে পোস্টে জানিয়েছে গুগল।

গুগল ওই সিকিওরিটি বাগ ও তার জেরে তথ্য ফাঁসের হওয়ার আশঙ্কা গত মার্চ মাসেই করেছিল। তারপর তা মেরামতও করা হয়। কিন্তু কোম্পানির সম্মানহানির আশঙ্কা এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে না পারার অভিযোগের ভয়ে সেই খবর অক্টোবর পর্যন্ত চেপে রেখেছিলো গুগল কর্তৃপক্ষ। গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গিয়েছে। সে সময় গুগল ওই বাগের কথা জানতে পারে তখনই মার্ক জুকেরবার্গের ফেসবুকে তথ্য ফাঁসের ঘটনাও ঘটেছিল। যার জন্য বিচারের কাঠগড়ায় আসতে হয় ফেসবুক প্রতিষ্ঠাতাকে।

তবে গুগলের দাবি, এখনও কোনও কোম্পানি বা হ্যাকাররা ওই বাগের খোঁজ পায়নি। তাই কোনও গ্রাহকের ব্যক্তিগত তথ্যও সর্বসমক্ষে আসেনি বলে দাবি সংস্থার।

তথ্য ফাঁসের খবর প্রকাশ্যে আসার পর আমেরিকার প্রাইভেসি অ্যাডভোকেট জেফ চেস্টার ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, গুগলের এই কাজ বুঝিয়ে দিচ্ছে তারা ব্যক্তিগত তথ্য গোপন রাখার ব্যাপারে বিশ্বাসযোগ্য নয়। মার্কিন কংগ্রেসেও গুগলের এই কাজের কড়া সমালোচনা হয়েছে। এটা গুগলের নিজস্ব সমস্যা যার দায় তাদেরই নিতে হবে বলে মনে করছেন বড় বাণিজ্যিক কোম্পানিগুলির কর্তারা। ইন্টারনেট বিল রাইট্স আনার দাবিও উঠেছে।

কিছুদিন আগেই তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। একধাক্কায় কয়েক হাজার ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চলে গিয়েছিল হ্যাকারদের হাতে। বিশ্ব জুড়ে তীব্র নিন্দার মুখে পড়তে হয় এই সোশ্যাল মিডিয়া জায়ান্টকে। এছাড়া কয়েক মাস আগে কেমব্রিজ অ্যানালিটিকের হাতেও চলে গিয়েছিল ফেসবুক ব্যবহারকারীদের তথ্য।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD