
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চারজনকে আদালতে তোলা হয়েছে।
রোববার (১৮ জুন) বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১টা ২৫ মিনিটে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের তোলা হয়।
বাকি তিনজন হলেন, মনিরুল ইসলাম মনির, জাকিরুল ইসলাম ও রেজাউল করিম।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান বাবুকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুন রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে ময়মনসিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।