জনশক্তি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিঙ্গাইরে রাঁতের আঁধারে দুটি কালী মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বায়রা ইউনিয়নের শিবপুর গ্রামের শ্যামা কালীমন্দির ও রক্ষাকালী মন্দীরে এ ঘটনা ঘটে। মুর্তিগুলো কারা ভাঙচুর করতে পারে তা নিশ্চিত করে বলতে পারেনি মন্দির কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বায়রা ইউনিয়ন পূজা কমিটির সাধারণ সম্পাদক রতন সরকার জানান, শুক্রবার দিবাগত রাতে শিবপুর গ্রামের শ্যামা কালী ও রক্ষাকালী মন্দীরের প্রতীমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সকালে মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। মুর্তিগুলো কারা ভাঙতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
শনিবার সকালে সিঙ্গাইর-হরিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন ও থানার পুলিশ পরিদর্শক (ওসি) মতিয়ার রহমান মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক: মোবারক হোসেন
প্রকাশক: জসিম উদ্দিন সরকার
২২৬, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ইমেইল: janashokti@gmail.com