জনশক্তি ডেস্ক: কৃষকদের নেয়া চার কোটি রুপির বেশি কৃষি ঋণের অর্থ তিনি শোধ করে দিয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। প্রখ্যাত এই অভিনেতার ব্লগের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, মঙ্গলবার নিজের ব্লগ পাতায় অমিতাভ বচ্চন লিখেছেন, ১৩৯৮ জন কৃষকের ঋণের দায়িত্ব নিয়েছেন। তাদের সবার কৃষি ঋণের বকেয়া অর্থ তিনি ব্যাংকে শোধ করে দিয়েছেন, যা তাকে কোনো কিছু 'সম্পন্ন' করার অনুভূতি দিয়েছে।
এই কৃষকরা অমিতাভ বচ্চনের জন্মস্থান ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।
ভারতে প্রতিবছর হাজার হাজার কৃষক ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্যায় পড়েন। কয়েক দশক ধরে খরা, পানির জন্য খরচ, উৎপাদনে হ্রাস এবং আধুনিকায়নের অভাবে ভুগছে দেশটির কৃষিখাত।
এসব কারণে অনেক কৃষক আত্মহত্যাও করেছেন। বিবিসি বলছে, ১৯৯৫ সাল থেকে এসব কারণে দেশটিতে অন্তত তিন লাখ কৃষক আত্মহত্যা করেছেন।
৭৬ বছর বয়সী অমিতাভ বচ্চন ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত তারকাদের একজন।
তিনি যেসব কৃষি ঋণ শোধ করে দিয়েছেন, সেগুলো ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ছিল। এই ঋণ শোধের পর ব্যাংকটি এই কৃষকদের নামে এককালীন নিষ্পত্তি সনদ দিয়ে দিয়েছে।
অমিতাভ বচ্চন লিখেছেন, 'তাদের ঋণ শোধ হয়ে যাওয়ার এসব সনদ আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে হস্তান্তর করতে চাই।'
কিন্তু এতো কৃষককে সূদুর গ্রাম থেকে অমিতাভের বর্তমান বাসস্থল মুম্বাইতে নিয়ে আসা কঠিন একটি ব্যাপার।
আপাতত রেলের একটি বগি সংরক্ষিত করা হয়েছে, যেখানে সত্তর জন কৃষক আসতে পারবেন এবং তার সঙ্গে দেখা করে নিজেদের নামের ঋণ শোধের সনদটি নিয়ে যেতে পারবেন।
২৬ নভেম্বর এই কৃষকরা মুম্বাই আসবেন বলে ধারণা করা হচ্ছে।
এ বছরের শুরুর দিকে অমিতাভ বচ্চন মহারাষ্ট্র রাজ্যের ৩৫০জন কৃষকের ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। ঋণের ছাড় আর কৃষিপণ্যের ন্যায্য মূলের দাবিতে গত বছর রাজ্যটির হাজার হাজার কৃষক বিক্ষোভ করেছিলেন।
যদিও এই নামী অভিনেতার বিষয়ে কৃষি জমি নিয়ে বিতর্ক আছে। ২০০৭ সালে একটি আদালত রুল জারি করেছিল যে, তার নামে যে ৯০ হাজার বর্গফুটের জমি বরাদ্দ করা হয়েছে, তা বেআইনিভাবে হয়েছে।
তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা হয়েছিল। তবে ওই জমি থেকে তিনি দাবি তুলে নেয়ার পর সেই অভিযোগ প্রত্যাহার করা হয়।
১৯০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এখনো অনেক চলচ্চিত্রে তার তারকাময় পদচারণা রয়েছে।
ভারতে সবচেয়ে দেখা টেলিভিশন অনুষ্ঠান 'কোন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানটি সঞ্চালনাও করেছিলেন তিনি।
জনশক্তি/এস
সম্পাদক: মোবারক হোসেন
প্রকাশক: জসিম উদ্দিন সরকার
২২৬, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ইমেইল: janashokti@gmail.com